News71.com
 Bangladesh
 18 Oct 23, 09:35 AM
 258           
 0
 18 Oct 23, 09:35 AM

শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ

শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ

 

 

নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ। দিনটি আজ ‘শেখ রাসেল দিবস’ হিসেবে সারাদেশে পালিত হবে। ১৯৬৪ সালের আজকের দিনে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেলের জন্ম। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি শেখ রাসেলও। জাতির পিতার সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাঁকেও হত্যা করে। তখন তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন; বয়স ছিল মাত্র ১১ বছর।

 

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা শেখ রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ ও শুভবুদ্ধি বোধসম্পন্ন মানুষের কাছে পরম আদরের নাম, ভালোবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ ও অধিকারবঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রামগঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন