
নিউজ ডেস্কঃ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হওয়ায় শত শত মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য তীরে ফিরে এসেছে। গতকাল বিকাল থেকে সমুদ্র উত্তাল হয়ে ওঠার কারণে মাছ ধরা ট্রলারগুলো আশ্রয়ের জন্য মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরের শিববাড়িয়া নদে আশ্রয় নিয়েছে।
কুয়াকাটা ও আলীপুর মৎস্য ব্যবসায়ীয় সমিতির সভাপতি আনছর উদ্দিন মোল্লা জানান, ৩ দিন আগে থেকে সাগর উত্তাল হয়ে ওঠায় সমুদ্রে মাছ ধরারত অবস্থায় জেলেরা জীবন ও সম্পদ রক্ষায় মাছ ধরা ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য তীরে ফিরে এসেছে। বর্তমানে সমুদ্র উত্তাল রয়েছে। এখন পর্যন্ত কোন ট্রলার নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালশীল মেঘমালা তৈরি হওয়ায় বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এ কারণে উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সূত্র আরো জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ের জন্য উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।