
নিউজ ডেস্কঃ বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য ফের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার। বৈঠকের বিষয়ে বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিবৃতি দিয়েছে মার্কিন দূতাবাস।
এতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয়েই শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মহাপরিচালক খন্দকার মাসুদ-উল আলমের সঙ্গে বৈঠক করে আমরা (মার্কিন প্রতিনিধি দল) আনন্দিত। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শক্তিশালী বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক ও এর অনেক দিক নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় প্রাধান্য পেয়েছে মার্কিন প্রত্যক্ষ বিনিয়োগ ও বাণিজ্য, দুই দেশের দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারিত্ব, মধ্যপ্রাচ্য, মার্কিন নির্বাচনি পর্যবেক্ষক দলের সাম্প্রতিক সফর, রোহিঙ্গা শরণার্থীদের সমর্থন।