
নিউজ ডেস্কঃ রাজধানীতে ‘বড় শোডাউন’ করেছে জামায়াতে ইসলামী। দলীয় আমির ও নেতাকর্মীদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে রোববার (১৫ অক্টোবর) মতিঝিলের শাপলা চত্বর থেকে জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে মিছিল করেছে। এ দিন লাঠির মাথায় জাতীয় পতাকা বেঁধে জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলের খবরে পুলিশের কাছে এলেও বাধা দেয়নি। পাঁচ মিনিটে মিছিলটি ইত্তেফাক মোড়ে পৌঁছে। সেখানে কয়েক মিনিটের সমাবেশ শেষে মিছিলকারীরা সরে পড়েন। তখন তৎপর হতে দেখা যায় পুলিশকে। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল সমাবেশে বলেন, ‘ যদি জামায়াত ও ছাত্রশিবিরের ওপর নিয়মতান্ত্রিক কর্মসূচি নিয়ন্ত্রণের নামে জুলুম নির্যাতন চালানো হয় তাহলে এখন থেকে প্রতিরোধ করা হবে। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। নির্বাচনের তপশিল ঘোষণার পাঁয়তারা চলছে। জনগণকে সঙ্গে নিয়ে তপশিল ঘোষণার যেকোনো ষড়যন্ত্র বানচাল করে দেওয়া হবে।’