
নিউজ ডেস্কঃ ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) যুগ্মসচিব মো. মাহমুদুল আলম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে উপ-উপাচার্য এবং ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হলো।আগামী ৪ নভেম্বর থেকে প্রজ্ঞাপনটি কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক মাকসুদ কামাল বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চারবারের নির্বাচিত সভাপতি। তিনি ২০২০ সালের জুনে উপ-উপাচার্য (শিক্ষা) হন। তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।