
নিউজ ডেস্কঃ ভূমি পরিষেবায় সরকার স্মার্ট এজেন্ট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ইউনিয়ন, পৌরসভা, মহানগরী এবং সিটি করপোরেশন এলাকায় এদের নিয়োগ দেওয়া হবে। স্থানীয় বিকাশ ও নগদ, রকেট এজেন্টদের মধ্যে কেউ কম্পিউটার ব্যবহারে দক্ষ হলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ইউনিয়ন তথ্য কেন্দ্রে কর্মরতদের এর আওতায় আনা হবে। এজেন্টরা ভূমি মালিকদের মধ্যে আগ্রহীদের ই-নামজারি, ভূমি উন্নয়ন কর, ই-পর্চা, ই-মৌজা ম্যাপসহ সব ধরনের ডিজিটাল ভূমি পরিষেবা পেতে সহয়তা দেবে।
এছাড়া অন্যান্য ভূমি পরিষেবার ক্ষেত্রে তারা সহায়তা করবে। তবে মূল কাজ করবে ভূমি অফিস। কোনো আবেদন নিষ্পত্তি অথবা খারিজে এজেন্টদের কোনো ভূমিকা থাকবে না। সরকার নির্ধারিত এজেন্টের বাইরে কারও কাছ থেকে ডিজিটাল বা স্মার্ট ভূমি সেবা নেওয়া যাবে না। তালিকার বাহিরে কারও কাছ থেকে ভূমি পরিষেবা গ্রহণ করা যাবে না। তালিকাভুক্ত কোনো এজেন্ট অনিয়ম করলে বা অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করলে তার জামানত বাজেয়াপ্তসহ লাইসেন্স বাতিলের মতো শাস্তির বিধান থাকছে এ সংক্রান্ত নীতিমালায়। এ সংক্রান্ত নীতিমালার খসড়া প্রায় চূড়ান্ত। এ বিষয়ে ভূমি সচিব মো. খলিলুর রহমান বলেন, ভূমি মালিকদের সহজে সেবা প্রদান এবং দালালদের দৌরাত্ম্য থেকে মুক্তি দিতে এজেন্ট নিয়োগের এ সিদ্ধান্ত। এতে বিপুলসংখ্যক বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে। ফিরে আসবে শৃঙ্খলা।