
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে। আমরা সেই শ্রীলংকার দিকে যাচ্ছি। যদিও শ্রীলংকা এখন আমাদের চেয়ে ভালো আছে। তাদের এখানে আমাদের তুলনায় জিনিসপত্রের দাম কম। তাদের রিজার্ভের পজিশন আমাদের চেয়ে ভালো। তারা ভালোর দিকে গেছে। আর আমরা খারাপের চাইতে আরও খারাপের দিকে যাচ্ছি। তিনি বলেন, আমাদের রিজার্ভ নেই। প্রতিমাসে এক বিলিয়ন ডলার করে রিজার্ভ কমে যাচ্ছে। এখন সরকারের হিসাবে ১৭ বা ১৮ বিলিয়ন ডলার রিজার্ভ আছে। অথচ এত বেশি ঋণ এবং পাওনাদার আছে যাদের দিলে আর কোনো রিজার্ভ থাকবে না। অথচ রিজার্ভ ১০ বিলিয়নের কম থাকলে কোনো দেশ এলসি গ্রহণ করবে না। বিদেশ থেকে কোনো জিনিসপত্র আনতে পারবেন না। এদেশে সেই পজিশনের সৃষ্টি করেছে এ সরকার। শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের এসব কথা বলেন।