
নিউজ ডেস্কঃ রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ‘অনিষ্পন্ন’ অডিট আপত্তির সংখ্যা খুব একটা কমছে না। অন্যদিকে এসব অডিট আপত্তিতে জড়িত অর্থের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। গত মার্চ শেষে যা ছাড়িয়েছে ৩ লাখ কোটি টাকা। এর মধ্যে ৫৮ শতাংশই আবার ‘অগ্রিম আপত্তি’ বা গুরুতর অনিয়ম সম্পর্কিত। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় থাকা এসব প্রতিষ্ঠানে এমন প্রবণতা উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।বিশেষজ্ঞরা বলছেন, নিয়মকানুন পরিপালনে ব্যত্যয় ঘটলেই অডিট আপত্তি ওঠে। আর অনিষ্পন্ন অডিট আপত্তিতে জড়িত অর্থের পরিমাণ বেড়ে যাওয়ার মানে হচ্ছে, সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে না। এ ছাড়া দ্রুত অভিযোগ নিষ্পত্তি ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে দুর্নীতি-অনিয়ম ও অপচয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অবশ্য এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা জানান, তাদের অধীন প্রতিষ্ঠানগুলোর অডিট আপত্তি নিষ্পন্ন করতে ত্রিপক্ষীয় সভাসহ বেশ কিছু উদ্যোগ জোরদার করা হয়েছে। এর পরও বিভিন্ন অনিয়মের কারণে নতুন নতুন আপত্তি ওঠায় অডিট আপত্তিতে টাকার পরিমাণ বেড়েছে। এ ছাড়া করোনার কারণে নিয়মিত সভা আয়োজন সম্ভব না হওয়াও অনিষ্পন্ন অডিট আপত্তি বাড়ার অন্যতম কারণ।