
নিউজ ডেস্কঃ দেশের খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করার জন্য রাজনৈতিক দলসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সহিংস রাজনীতি কখনও মঙ্গল বয়ে আনে না। বুধবার দুপুরে বি. চৌধুরীর ৯৩তম জন্মদিন উপলক্ষ্যে সাবেক রাষ্ট্রপতির বারিধারার বাসভবনে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বি. চৌধুরী বলেন, রাজনীতিতে সহিংসতা কখনও মঙ্গল বয়ে আনে না। তাই সহিংসতা বাদ দিয়ে জনকল্যাণে রাজনীতি করার জন্য তিনি রাজনৈতিক দলসমূহের প্রতি আহ্বান জানান। আগামীর শুভদিনের বাংলাদেশ প্রত্যাশা করে বি. চৌধুরী বলেন, হিংসা, বিদ্বেষমুক্ত একটি সুন্দর রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ভিন্নধারার রাজনৈতিক দল বিকল্পধারার জন্ম হয়েছিল। তিনি এই লক্ষ্য অর্জনে কাজ করার জন্য বিকল্পধারার নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।