
নিউজ ডেস্কঃ দেশকে জাহান্নামের সঙ্গে তুলনা করা বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ শপথ ভঙ্গ করেছেন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। এ বিষয়ে গণমাধ্যমে আসা বিভিন্ন প্রতিবেদন মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে অবহিত করেছেন তিনি। মঙ্গলবার বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আদিলুর ও নাসিরের করা আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানিতে ‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ বলে রাষ্ট্রপক্ষের উদ্দেশে মন্তব্য করেন বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন গণমাধ্যমকে জানান, উচ্চ আদালতের একজন বিচারপতি হিসেবে তিনি শপথ করেছেন- সংবিধান ও আইন সংরক্ষণ করবেন এবং রাগ অনুরাগের বশবর্তী না হয়ে সবার প্রতি সমান আচরণ করবেন। এই অঙ্গীকার থেকে কখনো বিচ্যুত হবেন না। কিন্ত বিচারপতি ইমদাদুল হক আজাদ মামলার শুনানিতে দেশকে জাহান্নামের সঙ্গে তুলনা করে শপথ ভঙ্গ করেছেন। এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। রাষ্ট্রের একজন প্রধান আইন কর্মকর্তা হিসেবে বিষয়টি আমি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে অবহিত করেছি।