
নিউজ ডেস্ক :দৃষ্টিনন্দন ও বহুতল ভবন নির্মাণের উদ্দেশে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভাঙার কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার সকালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ভাঙার কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের মোশাররফ হোসেন বলেন, ৬ দশমিক ৯ কাঠার এই জায়গায় ১০তলা ভবন নির্মাণ করা হবে। সেখানে আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের কার্যালয়সহ সভাপতি-সাধারণ সম্পাদকের জন্য আলাদা ফ্লোর এবং দুই তিনটি সম্মেলন কক্ষ থাকবে। ভবনটি ভাঙতে লাগবে দুই মাস। দেড় বছরের মধ্যে এই ভবনটি নির্মাণকাজ শেষ হবে। ভবন নির্মাণকাজের সার্বিক বিষয় তিনি দেখভাল করবেন বলেও জানান।
আওয়ামিলীগের কোষাধ্যক্ষ সাংসদ এইচ এন আশিকুর রহমান বলেন, ভবনটির নির্মাণ ব্যয় ১০ থেকে ১১ কোটি ধরা হয়েছে টাকা। এর ব্যয়ভার বহন করবেন আওয়ামী লীগ দলীয় মন্ত্রী, সাংসদ, দলের সাধারণ সদস্য। অর্থাৎ দলীয় চাঁদার ওপর ভিত্তি করে এই ভবনটি নির্মিত হবে। ২০১৮ সালের জুলাই মাসে নবনির্মিত ভবনে দলীয় কার্যক্রম শুরু হবে বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ সকাল গিয়ে দেখা যায়, ভবনের তিনতলায় সাঁটানো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। এ ছাড়া অন্যান্য সহযোগী সংগঠনের টেবিল-চেয়ার, বইপত্র ও সাংগঠনিক কাগজপত্র সরিয়ে নেওয়া হচ্ছে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় বিভিন্ন ভবন ভাড়া নিয়ে আপাতত দলীয় কার্যক্রম চালাবে বলে জানা গেছে।