
নিউজ ডেস্কঃ অতীতে আষাঢ়-শ্রাবন ছিল ভরা বর্ষার মৌসুম। কিন্তু এখন শরতকালেও দেশজুড়ে বৃষ্টির ঘনঘটা। এ বছর শরতে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এবার বিদায়ের পালা বর্ষাকালের, বেজেছে শীতের আগমনী বার্তা। এক আবহাওয়াবিদ বলছেন, দেশে নভেম্বরের মাঝামাঝি জেঁকে বসবে শীত।আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, বৃষ্টিবাহী দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করেছে। দেশের অধিকাংশ এলাকায় শরতের আকাশ উদ্ভাসিত হয়েছে। তবে দুই দিন আরেক দফা বিদায়ী দাপট দেখিয়ে বিদায় নেবে বর্ষা। এ সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। তবে ভ্যাঁপসা গরমের প্রবণতা থাকতে পারে চলতি মাসজুড়েই। আগামী এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা ক্রমাগত কমে শীতের আমেজ সৃষ্টি হতে পারে। নভেম্বরের মাঝামাঝি জেঁকে বসবে শীত।