
নিউজ ডেস্কঃ সরকারের বেঁধে দেওয়া দামে বাজারে পাওয়া যাচ্ছে না ডিম। দাম কমানোর জন্য ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর পরও ডিমের দাম ডজনে ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীতে দুই দিন আগেও ফার্মের মুরগির ডিম ১৫০ টাকা ডজন বিক্রি হয়েছে। কিন্তু এখন ১৬০ টাকার নিচে মিলছে না।১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় ডিমের দাম নির্ধারণ করে দেয়। প্রতি পিস ডিমের দাম নির্ধারণ করা হয় ১২ টাকা। এ দাম কার্যকরে মাঠে নামে ভোক্তা অধিদফতরসহ স্থানীয় প্রশাসন। দেশের বিভিন্ন স্থানে চালানো হয় অভিযান, জরিমানাও করা হয়। তার পরও বেঁধে দেওয়া দাম কার্যকর হয়নি বাজারে। প্রথম ও দ্বিতীয় দফায় ডিম আমদানির অনুমোদন পাওয়া একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা যায়, ভারত থেকে আমদানি করা ডিম দেশে এলে প্রতিটি ডিম বাজারে ১০ টাকায় বিক্রি হতে পারে। পাইকারি ডিম ব্যবসায়ীরা বলছেন, গত কয়েকদিনের বৃষ্টির কারণে ডিমের সরবরাহ কমে গেছে।