
নিউজ ডেস্কঃ বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ। শুধু দেশে নয়, বিদেশেও প্রশ্নবিদ্ধ। সুষ্ঠু, নিরপেক্ষ, আন্তর্জাতিক মানের বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন চায় বাংলাদেশের মানুষ। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোও এটা চায়। কিন্তু শেখ হাসিনার অধীনে দেশে সুষ্ঠু নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়। সফররত মার্কিন প্রাক-নির্বাচনি প্রতিনিধিদলকে এমনটিই জানিয়েছে বিএনপি। সোমবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে এ বার্তা দেওয়া হয়।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক উইংয়ের প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, এর আগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল এসেছিল। তারা বাংলাদেশের সব শ্রেণির মানুষের সঙ্গে কথা বলে গেছে এবং যাওয়ার পর সিদ্ধান্ত দিয়েছে যে, বাংলাদেশে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না কেননা বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই। আমীর খসরু আরো বলেন, যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধিদল এসেছে একই উদ্দেশ্য নিয়ে, তারা বাংলাদেশে নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ করতে এসেছে যে, আগামী দিনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। 'আমরা বিএনপির পক্ষ থেকে বলে আসছি, শেখ হাসিনার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিগত দুই-তিনটি নির্বাচনে তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে।