
নিউজ ডেস্কঃ দেশ জুড়ে চলছে সন্ত্রাসিদের মহা তান্ডব । মানুষ ভুগছে নিরাপত্তাহীনতায় । এদেরকে রুখে দারাতে হবে এখনি । এজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে । আর তাই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জঙ্গিদের শনাক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দেশের সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জঙ্গি কর্মকাণ্ডের জড়িয়ে পড়ার নতুন নতুন তথ্য আসার প্রেক্ষাপটে ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিক্ষা সচিব সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (ইউজিসি) অধ্যাপক আবদুল মান্নান, র্যা ব মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ছাড়াও শিক্ষাবিদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এ কে এম শহীদুল হক বলেন, “আমাদের যার যার অবস্থান থেকে এই সঙ্কট মোকাবেলা করা উচিত। আপনাদের পাশে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স।”
জঙ্গিদের সনাক্তে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “কে সন্ত্রাস করল, কে কোন দলের, কে কোন মতের সেটা বড় কথা না। সন্ত্রাসী এবং জঙ্গিবাদীদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে চাই, আপনাদের সহযোগিতা দরকার।”
তরুণদের সন্ত্রাস ও জঙ্গিবাদে ‘জড়িত করা হচ্ছে’ মন্তব্য করে আইজিপি বলেন, “কোরআনের কিছু সুরার খণ্ডিত অংশ বিকৃত করে জিহাদের নামে বেহেস্তে যেতে পারবে বলে তরুণদের বিভ্রান্ত করছে। … বেহেস্তের আশায় তারা জীবন বিসর্জন দেয়।”
তিনি আরও বলেন, “তারা মানবতার বিরুদ্ধে হামলা করছে। এসব হামলা করে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে। দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও অগ্রগতিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে।”
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, উপাচার্য ছাড়াও ছাত্র, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরা এই মতবিনিময়ে অংশ নেন। শুরুতে সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন পুলিশের কাউন্টার টেরিরিজম ইউনিটের প্রধান ও অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।