
নিউজ ডেস্কঃ ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ ছাড়া বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকা। রোববার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমরা ইসরায়েল ও ফিলিস্তিন উভয়কে সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য এবং দু’পক্ষেই আরও নিরীহ প্রাণহানি এড়াতে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানাই। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, ইসরায়েলি দখলদারিত্বের অধীনে বসবাস এবং ফিলিস্তিনি ভূখণ্ডে জোরপূর্বক বসতি স্থাপন এ অঞ্চলে শান্তির পথ প্রশস্ত করবে না। কার্যকর সমাধান হিসেবে বাংলাদেশ একটি দ্বি-রাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা, ফিলিস্তিন এবং ইসরায়েলের স্বাধীন ও দখলমুক্ত সহাবস্থান সমর্থন করে।