
নিউজ ডেস্কঃ ঢাকার বাইরের জেলাগুলোতে ডেঙ্গু রোগী দুই মাস ধরে বাড়ছে। অক্টোবরের প্রথম ছয় দিনে ঢাকার বাইরে রোগী উদ্বেগজনক হারে বেড়েছে। এখনও অনেক বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ভ্যাপসা গরম পড়ছে। সঙ্গে থাকছে ব্যাপক আর্দ্রতা। এমন আবহাওয়া এডিস মশা বৃদ্ধির অনুকূল। তাই এবার দীর্ঘ হতে পারে ডেঙ্গুর মৌসুম। আবহাওয়াবিদরা বলছেন, এ মাসজুড়েই আবহাওয়ার এমন অবস্থা থাকতে পারে। কীটতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্যবিদদের আশঙ্কা, এমন পরিস্থিতিতে ডেঙ্গু আরও ভয়াবহ হতে পারে। দেশে সাধারণত ডেঙ্গুর মৌসুম শুরু হয় জুনে। সেপ্টেম্বর পর্যন্ত প্রকোপ থাকে। কিন্তু গত বছর ডেঙ্গু ছিল অক্টোবর পর্যন্ত। এ বছর নভেম্বর ও ডিসেম্বরেও ডেঙ্গু থাকতে পারে। কীটতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্যবিদরা বলছেন, এমন গরম আবহাওয়ায় বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও মশা বাড়বে। তাপমাত্রা ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও আর্দ্রতা ৭০ শতাংশের বেশি হলো এডিস মশা প্রজননের জন্য উপযোগী আবহাওয়া। এমন আবহাওয়ায় এডিসের লার্ভা থেকে মশা সৃষ্টি হতে তিন দিনের মতো সময় লাগে।