
নিউজ ডেস্কঃ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি আছে কি না, সেটি যাচাইয়ে এবার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। আগামী রোববার (৮ অক্টোবর) বাংলাদেশে আসছে দলটি। তারা ১২ অক্টোবর পর্যন্ত অবস্থান করবেন। সফরকালে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি দেখতে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। ওই প্রতিনিধিদলে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের তিনজন ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের দু-তিনজন বিশেষজ্ঞ থাকবেন। এ দলটি আসার বিষয়ে গত ২৫ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় ওয়াশিংটন।