
নিউজ ডেস্কঃ বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান ও জনপ্রিয় কবি আসাদ চৌধুরী আর নেই। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) কানাডার টরন্টোতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর। কবির জামাতা নাদিম ইকবাল জানান, কানাডার স্থানীয় সময় রাত ৩টার দিকে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আসাদ চৌধুরী দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গত বছরের নভেম্বরে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। বোনম্যারো থেকে অস্বাভাবিক কোষ তৈরি হচ্ছিল। বয়সের কারণে তার বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা সম্ভব হচ্ছিল না। এছাড়া তিনি কিডনি, হার্ট ও বয়সজনিত জটিলতায় ভুগছিলেন। ফুসফুস ও হার্ট দুটিরই খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল। কবি বেশ কয়েক বছর ধরে কানাডায় পরিবারের সঙ্গে বাস করছিলেন। সর্বশেষ ২০২২ সালে তিনি দেশে এসেছিলেন। নাদিম জানান, কবি বারবার দেশে আসার ইচ্ছা ব্যক্ত করতেন। তবে শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি।