
নিউজ ডেস্কঃ উজান থেকে তিস্তা নদী হয়ে বাংলাদেশে ভয়াবহ হরপা বান ধেয়ে আসছে। ইতোমধ্যে রুদ্রমূর্তি ধারণ করেছে তিস্তা নদী। বুধবার পানি উন্নয়ন বোর্ডের নীলফামারীর ডালিয়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে। দুপুর ২টা পর থেকে বন্যার পানি ডালিয়া পয়েন্টে প্রবেশ করতে শুরু করে। দুপুর ২টায় তিস্তার পানি ৫১ দশমিক ৯০ মিটার থাকলে ১ ঘণ্টার ব্যবধানে বিকাল ৩টায় ২৫ সেন্টিমিটার বেড়ে দাঁড়ায় ৫২ দশমিক ১৫ মিটারে। বিকাল ৪টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ও বিকাল ৫টায় আরও ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা পাউবোর।
এদিকে ভয়াবহ ঢলের আগাম পূর্বাভাসে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার তিস্তা নদী অববাহিকার চর ও গ্রামে বসবাসকারী মানুষজনকে নিরাপদে সরিয়ে নিতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন মাঠে নেমেছে। অপরদিকে সকাল থেকে এ অঞ্চলে চলছে বৃষ্টিপাত। মানুষজনকে নিরাপদে সরিয়ে নিতে বেগ পেতে হচ্ছে। তিস্তা ব্যারেজের ফাড বাইপাস এলাকা দিয়ে মানুষজনকে চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।