
নিউজ ডেস্ক: কুমিল্লা সদর দক্ষিণে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবক রফিকুল ইসলাম (২৩) সদর দক্ষিণ উপজেলার পেরুল ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। আজ রবিবার বাড়ির পাশের জঙ্গলে লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। আর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের যুবকের স্ত্রী সুমি আক্তারকে (২০) আটক করেছে পুলিশ।
পরিবার থেকে জানা যায়, গতকাল শনিবার রাত ১০ টায় রাতের খাবার শেষে বাড়ির বাইরে যায় রফিকুল ইসলাম। তবে সে আর ফিরে আসেনি। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তারপরে আজ সকালে বাড়ির পাশে জঙ্গলে লাশ পাওয়া যায়।
সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পাল বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় আনা হয়েছে। স্বামী-স্ত্রীর বিরোধে এই ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।