
নিউজ ডেস্কঃ বিনিয়োগের আকার বিবেচনায় দেশের সবচেয়ে বড় প্রকল্প পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প। এ বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে রাশিয়া। ভার্চুয়ালি এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম হস্তান্তর করবেন। এর মধ্য দিয়ে স্বাধীনতার ৫২ বছর পর জ্বালানির নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদনে তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানির পরিবর্তে শুরু হচ্ছে ইউরেনিয়ামের ব্যবহার।বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘ইউরেনিয়াম দেশে পৌঁছানোর মধ্য দিয়েই নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। ৫ অক্টোবর (আজ) এ জ্বালানি আনুষ্ঠানিকভাবে রূপপুর কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হবে। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বে অনন্য উচ্চতায় পৌঁছে গেল। আমরা এখন পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ। এটা আমাদের জন্য গর্বের।’
দিনটি স্মরণীয় করে রাখতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি, রূপপুরে প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ার রোসাটমের মহাপরিচালক আলেপি লিখাচেভসহ সুধী সমাজের প্রতিনিধি, বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সঙ্গে জড়িত দেশি-বিদেশি প্রকৌশলী, ইউরেনিয়াম হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্ট রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।