
নিউজ ডেস্কঃ গত সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতে কী আলাপ হয়েছে তা নিয়ে মুখ খুলেছে হোয়াইট হাউস। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কিরবি এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান। এ ছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গেও শেখ হাসিনা বৈঠক করেছেন বলে জানান তিনি।
জন কিরবিকে প্রশ্ন করা হয়, গত সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শংকরের সঙ্গে বৈঠক করেছেন জ্যাক সুলিভান। এই অবস্থায় আপনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে কীভাবে দেখছেন? এ ছাড়া গত মাসে নয়াদিল্লিতে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎ হয়েছে। সেখানে কি তাঁরা নির্বাচন ও রোহিঙ্গা ইস্যুতে কথা বলেছেন? জবাবে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কারবি বলেন, ‘তাঁরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্বের বিষয়ে কথা বলেছেন। তাঁরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যুতে কথা বলেছেন।’