
নিউজ ডেস্কঃ বাংলাদেশি শিক্ষার্থীদের চোখের চিকিৎসা দেওয়ার জন্য একটি মানবিক প্রকল্প উদ্বোধন করেছে বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র। এই প্রকল্পের অধীনে ৩০ হাজার শিক্ষার্থীকে চোখের চিকিৎসা দেওয়া হবে। মঙ্গলবার (৩ অক্টোবর) এই ক্যাম্পেইনের কথা জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা বিন ইউসুফ আল দুহাইলান। বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণকেন্দ্রের কেএসরিলিফের পরিকল্পনা ও উন্নয়নের সহকারী সুপারভাইজার-জেনারেল আকিল আল গামদি কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের বলেন, সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে বাংলাদেশে অন্ধত্ব এবং দৃষ্টি প্রতিবন্ধীদের হার কমাতে সাহায্য করা হবে। তিনি বলেন, ক্যাম্পেইনটি শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে শুরু হবে, কারণ তারাই প্রথম এমন ছাত্রদের চিহ্নিত করবে যাদের সাহায্যের প্রয়োজন। এই ক্যাম্পেইনের আওতায় ঢাকার ৫০টি স্কুলে স্ক্রিনিং কার্যক্রম চলছে। এর আওতায় প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।