
নিউজ ডেস্ক: খুলনায় মোবাইল ফোন চোর সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৯৩টি চোরাই মোবাইল ফোন সেট উদ্ধার করে পুলিশ। আজ রবিবার ভোরে নগরীর নিরালা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত এই ব্যক্তিরা হলেন- মোবাইল চোর সিন্ডিকেটের মূলহোতা সেন্টু শেখ (৩০), সিন্ডিকেট সদস্য মো. জামাল হোসেন (২১), মো. খলিল (২৭) এবং শাহিন হাসান (২৯)।
এই বিষয়ে পুলিশ বলেন, গত ১১ জুলাই রাতে নগরীর দৌলতপুর বাজার এলাকার রেলগেট সংলগ্ন বিসমিল্লাহ কমপ্লেক্স মার্কেটের ইনছাফ টেলিকম নামক মোবাইল ফোনের দোকানের শাটারের তালা ভেঙে ৫০টি মোবাইল সেট চুরি হয়। পরদিন দোকান মালিক আব্দুর রাজ্জাক খান দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী মোস্তাফিজুর রহমান চুরি হওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে সিন্ডিকেট সদস্যদের গ্রেফতার করেন। এই সময় নতুন ৬৫টি এবং পুরাতন ২৮টি মোবাইল সেট এবং তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা নগরীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে সুযোগ বুঝে মোবাইল ফোনের দোকানের শাটারের তালা ভেঙে মোবাইল সেট চুরি করে থাকে। তাদের আদালতে প্রেরণ করে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।