
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। শনিবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির হেডকোয়ার্টার্সে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। ডিএমপি জানিয়েছে, সুদীর্ঘ ৩২ বছর ৮ মাসের চাকরি জীবনের ইতি টেনে অবসরজনিত ছুটিতে যাচ্ছেন সদ্য বিদায়ী ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ ডিএমপিতে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে শেষ হলো তার দীর্ঘ চাকরি জীবনের কর্মযজ্ঞ।
একই সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৬তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। তিনি বিদায়ী কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্থলাভিষিক্ত হলেন। ডিএমপি আরও জানায়, বিদায়ী ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে আনুষ্ঠানিকভাবে রীতি অনুযায়ী পুলিশ সদস্যরা ফুলের রশি দিয়ে গাড়ি টেনে বিদায় জানান।