
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট আন্তরিক। বরং বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শেখ রাসেল এভিয়ারি পার্কে নতুনভাবে চালু করা ক্যাবলকার (রোপওয়ে) উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া যত বারই হাসপাতালে গেছেন, ততবারই বিএনপি বলেছে বিদেশ না পাঠালে খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন এবং তাকে বাঁচানো কঠিন হবে। কিন্তু প্রতিবারই আল্লাহর রহমতে তিনি হাসপাতালে বাংলাদেশের চিকিৎসকদের চিকিৎসা ও সেবায় সুস্থ হয়ে বাড়ি ফেরত গেছেন। এখনো খালেদা জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা পায়, সরকার সেজন্য যা কিছু করা দরকার সেটি করছে।’