
নিউজ ডেস্কঃ দেশে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। এর আগে কোনো বছরেই এত ডেঙ্গু রোগী দেখা যায়নি। এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যায়ও সর্বোচ্চ রেকর্ড দেখেছে দেশ। এর মধ্যে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকায় চারজন ও ঢাকার বাইরে চারজন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ১ হাজার ৭৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৮৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১ হাজার ২০৯ নতুন রোগী ভর্তি হয়েছেন। দেশে এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ২ লাখ ৯৮১ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮২ হাজার ৪৭১ জন ও ঢাকার বাইরে ১ লাখ ১৮ হাজার ৫১০ জন রয়েছেন। এ পর্যন্ত ১ লাখ ৯০ হাজার ৪৮০ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।