
নিউজ ডেস্কঃ ঢাকার সাভারে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এর একটি দল। এ সময় তাঁদের কাছ থেকে ১০ হাজার ৩০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সাভারের নিউমার্কেট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন মো. রফিক (১৮)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হায়াইক্যং ইউনিয়নের কুতুপালং শরণার্থী শিবিরের ৬৩ নম্বর ব্লকের ১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা। তাঁর পরিচয়পত্র নম্বর-২৮৫৮০৪। অপরজনের নাম মামুনুর (২৩)। কক্সবাজারের উখিয়ার বালুখালি শরণার্থী শিবিরের এফ-১০ ব্লকের বাসিন্দা। তাঁর পরিচয়পত্র নম্বর-২০১৮১৬। রফিক নিজেকে কাজল হিজড়া ও মামুনুর নিজেকে পরিমনি হিজড়া হিসেবে পরিচয় দিতেন।