
নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিমান বাহিনী বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৫২ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধ চলাকালে জন্ম নেওয়া বাংলাদেশ বিমান বাহিনী এই দিনটিকে ‘বিমান বাহিনী দিবস’ হিসেবে পালন করে আসছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৭১ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে দেশের আপামর জনতা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে বিমান বাহিনী আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এবং কিলো ফ্লাইটের অকুতোভয় বৈমানিক ও বিমানসেনা মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে বিজয় তরান্বিত করে। ভারত সরকার প্রদত্ত একটি অ্যালুয়েট হেলিকপ্টার, একটি ড্যাকোটা বিমান, একটি অটার বিমান এবং বাঙালি বৈমানিক, কারিগরি পেশার বিমানসেনা ও বেসামরিক বৈমানিকসহ ৫৭ জন সদস্য নিয়ে ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে ‘কিলো ফ্লাইট’ নামে বাংলাদেশ বিমান বাহিনীর এই যাত্রা শুরু হয়।
দিবসটির কর্মসূচির অংশ হিসেবে এদিন সন্ধ্যায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় ‘কিলো ফ্লাইট’ বিমান বাহিনীর উন্নয়নে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর অবদান, বিমান বাহিনীর বর্তমান উন্নয়ন এবং বাফওয়ার উন্নয়নমূলক কার্যক্রমের উপর প্রস্তুতকৃত ডকুমেন্টারীসমূহ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কিলো ফ্লাইটের বীর মুক্তিযোদ্ধাসহ প্রাক্তন বিমান বাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সামরিক-অসামরিক কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি (এয়ার), অসামরিক সদস্যরা এবং ঢাকাস্থ বিমান বাহিনীর সব স্তরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।