
নিউজ ডেস্কঃ ঈদের ছুটির ১৬ দিন মুলতবির পর আজ আবার বসছে ১০ম সংসদের চলতি একাদশ (বাজেট) অধিবেশন। আজ বিকেল সাড়ে ৫টায় এ অধিবেশন শুরু হবে । গত ১ই জুন এ অধিবেশন শুরু হলে ২ই জুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩,৪০,৬০৫ কোটি টাকার বাজেট পেশ করেন। ওইদিন অর্থমন্ত্রী ২০১৫-১৬ অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করেন।
গত ৩০শে জুন সংসদে নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পাস করা হয়। ওই দিনই অধিবেশন মুলতবি করা হয়। এর আগে বিদায়ী অর্থবছরের সম্পূরক ও নতুন অর্থবছরের বাজেটের ওপর ২০ কার্যদিবস সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয় ।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ সরকারি ও বিরোধী দলের ২৪৬ সংসদ সদস্য এ আলোচনায় অংশ নেন। চলতি অধিবেশনে এ পর্যন্ত বেশ কয়েকটি সরকারি বিলও পাস হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা বেশ কিছু জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুর ওপর বক্তব্য দেন। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভার সিদ্ধন্ত অনুযায়ী সংসদের চলতি অধিবেশন আগামী ২৮শে জুলাই শেষ হওয়ার কথা রয়েছে ।