
নিউজ ডেস্ক: জ্বালানি তেলের বিক্রিতে কমিশন বাড়িয়েছে সরকার। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এ কমিশন বৃদ্ধির মাধ্যমে জ্বালানি তেল পরিবহন ও উত্তোলন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দীর্ঘদিনের একটি বড় দাবি পূরণ হলো। এখন থেকে প্রতি ১০০ টাকার অকটেন বিক্রিতে পাম্প মালিকরা চার টাকা ২৮ পয়সা, পেট্রোল বিক্রিতে ৪ টাকা ৩৪ পয়সা, কেরোসিনে দুই টাকা এবং ডিজেলে ২ টাকা ৮৫ পয়সা কমিশন পাবে। এর আগে ডিজেলের দুই শতাংশ, পেট্রোলের তিন শতাংশ এবং অকটেনের চার শতাংশ কমিশন ছিল। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে ৩ সেপ্টেম্বর এই কমিশন বৃদ্ধির দাবিতেই তেল উত্তোলন বন্ধ করে দিয়েছিল পেট্রোল পাম্প মালিকদের একাংশ। এরপর সরকারের আশ্বাসে শেষ পর্যন্ত তারা ধর্মঘট প্রত্যাহার করে নেয়। মালিকদের দাবি ছিল, ডিজেলের ২ শতাংশ, পেট্রোলের ৩ শতাংশ এবং অকটেনের ৪ শতাংশ কমিশন বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করতে হবে। একইসঙ্গে তাদের শিল্প থেকে বাদ দিয়ে কমিশন এজেন্ট ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে। এ ছাড়া পুরাতন ট্যাংক লরি অবসরের সময় ২৫ বছর থেকে বাড়াতে হবে।