
নিউজ ডেস্কঃ বাংলাদেশকে সেকেন্ডহ্যান্ড গাড়ি আমদানি কমানোর পরামর্শ দিলেন দ. কোরিয়ার রাষ্ট্রদূত। গত শনিবার গাজীপুরের বঙ্গবন্ধু হাই-টেক পার্কে ফেয়ার টেকনোলজি-হুন্ডাই কারখানা পরিদর্শনকালে একথা বলেন তিনি। রাষ্ট্রদূত বলেন, স্থানীয় অটোমোবাইল উৎপাদন শিল্পকে উৎসাহিত করা দরকার, যাতে বাংলাদেশ সেকেন্ডহ্যান্ড গাড়ি আমদানি নির্ভরতা হ্রাস করে নিজস্ব গাড়ি তৈরি করতে পারে। দেশীয়ভাবে তৈরি গাড়ি পরিবেশের জন্যও ভালো হবে।
অনেক দেশ এরইমধ্যে পুরোনো গাড়ি আমদানি বন্ধ করে দিয়েছে এবং বাংলাদেশও একই ধরনের নীতি গ্রহণ করতে পারে বলে জানান রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। তিনি বলেন, মঙ্গোলিয়া ও লাওসের মতো উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশও পুরানো গাড়ি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ যদি উৎপাদনের ক্ষেত্র প্রসারিত করে, তাহলে দেশে মানসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে। এজন্য দেশে আরও বিনিয়োগ আকর্ষণের জন্য উন্নত কর ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগ পরিবেশের আরও উন্নতি করতে হবে।