
নিউজ ডেস্কঃ ট্রেড লাইসেন্স করতে এখন আর হয়রানি পোহাতে হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ট্রেড লাইসেন্স-সংক্রান্ত সব কাজ এখন অনলাইনের মাধ্যমে হবে। এখন আর কোনো রকম হয়রানি করার সুযোগ নেই। এতে সময়ও অনেক বেঁচে যাবে। ব্যবসায়ীদেরও আর দপ্তরে দপ্তরে, কার্যালয়ে কার্যালয়ে কারও দ্বারস্থ হতে হবে না। ‘পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যুকরণ ও পুনঃ নবায়নের’ ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শেখ তাপস এসব কথা বলেন। আজ সোমবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। দক্ষিণ সিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।