
নিউজ ডেস্ক: ব্যাংকের কোনো কর্মকর্তা অবসরে যাওয়ার পাঁচ বছর পর একই ব্যাংকের পরিচালক হতে পারবেন। আগে অবসরে যাওয়ার পর একই ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ ছিল না। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পাঁচ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না। এর আগে ২০২১ সালের মে মাসে প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছিল। সেই সার্কুলারে বলা হয়েছিল, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কখনোই একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না।