News71.com
 Bangladesh
 04 Sep 23, 12:16 AM
 153           
 0
 04 Sep 23, 12:16 AM

পদ্মা সেতু হয়ে রেল চলবে ১০ অক্টোবর॥ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রেল চলবে ১০ অক্টোবর॥ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


নিউজ ডেস্কঃ আগামী ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রেল চলাচল শুরু হবে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই রেলপথের উদ্বোধন করবেন। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, পদ্মা সেতু হয়ে রেলপথ উদ্বোধনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিয়েছেন। ওই দিন একটি সুধী সমাবেশও হবে। তার আগে আগামী বৃহস্পতিবার ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে।

প্রধানমন্ত্রী উদ্বোধনের এক সপ্তাহ পর থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হতে পারে। শুরুতে একটি ট্রেন পরিচালনা করা হবে। প্রকল্প কার্যালয় থেকে ঢাকা-পদ্মা সেতু-রাজবাড়ী রুটে ট্রেন চালানোর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত একটি ট্রেন চালানোর প্রস্তাব রয়েছে। মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা পর্যন্ত আসে। এই ট্রেন ঢাকা পর্যন্ত আনা হতে পারে। পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের অধীনে চীন থেকে ১০০ নতুন কোচও কেনা হয়েছে। নতুন কোচ দিয়েই ট্রেন চালু করা হবে।

অক্টোবরের শেষ সপ্তাহে খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেলপথও উদ্বোধন করা হবে। এ বিষয়েও প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। এ ছাড়া আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন। এ সময় আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত নির্মিত আন্তদেশীয় রেলপথটিও উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লি থেকে ভার্চ্যুয়ালি উদ্বোধন করতে পারেন এই রেলপথ। আখাউড়া-আগরতলা ও খুলনা-মোংলা—এ দুটি রেলপথ ভারতীয় অর্থায়নে নির্মিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন