
নিউজ ডেস্কঃ বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউসের ভল্ট থেকে ১৫ কোটি টাকা মূল্যের ১৫ কেজি স্বর্ণ খোয়া গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র আজকের পত্রিকাকে আজ রোববার দুপুরে এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলছে না কাস্টমস কর্তৃপক্ষ।বিমানবন্দরের ভেতরে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ অর্থাৎ হারিয়ে যাওয়া ও খুঁজে পাওয়া পণ্য রাখার স্থানের পাশেই রয়েছে কাস্টমসের গুদাম। কাস্টমস হাউসের গুদামটিতে বিমানবন্দরে কর্তব্যরত ঢাকা কাস্টমস হাউস, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরসহ অন্য সংস্থাগুলোর জব্দকৃত মালামাল এখানে রাখা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, কাস্টমস হাউস থেকে চুরির ঘটনায় একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে। এ ছাড়া থানা-পুলিশ, বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, আজ রোববার দুপুরের দিকে ভল্ট থেকে স্বর্ণ চুরির বিষয়টি জানাজানি হয়। পুলিশের দাবি, এটি কোনো সাধারণ ভল্ট না। সাধারণ কোনো ব্যক্তি বা চোরের চুরি করা সম্ভব নয়। এ ছাড়া ওই জায়গাটি সম্পূর্ণ সংরক্ষিত এলাকা। এ ছাড়া পুরো এলাকাটি সিসি ক্যামেরার নজরদারিতে।