News71.com
 Bangladesh
 03 Sep 23, 01:27 AM
 227           
 0
 03 Sep 23, 01:27 AM

জাতীয় সংসদের ২৪তম অধিবেশন বসছে আজ

জাতীয় সংসদের ২৪তম অধিবেশন বসছে আজ

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন বসবে রোববার (৩ সেপ্টেম্বর)। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বিকেল ৫টায় শুরু হবে এ অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন শুরু হওয়ার আগে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৪তম বৈঠক। ওই বৈঠকে নির্ধারণ করা হবে এই অধিবেশন কত দিন চলবে। দ্বাদশ সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। তার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

আগামী ১ নভেম্বর থেকে এই ৯০ দিন গণনা শুরু হবে।সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তাই সাধারণত ২ মাসের মধ্যে একবার অধিবেশন ডাকা হয়। তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এ বছরের ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রস্তুতিও চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন