News71.com
 Bangladesh
 03 Sep 23, 01:24 AM
 328           
 0
 03 Sep 23, 01:24 AM

ভারসাম্য নয়, স্থিতিশীলতায় জোর দিন॥ভারতীয় বিশেষজ্ঞদের পরামর্শ

ভারসাম্য নয়, স্থিতিশীলতায় জোর দিন॥ভারতীয় বিশেষজ্ঞদের পরামর্শ

 নিউজ ডেস্কঃ বৈশ্বিক ও আঞ্চলিক পরাশক্তিগুলোর সঙ্গে সম্পর্কে ভারসাম্য বজায় রাখা থেকে বাংলাদেশের সরে আসা উচিত। জোর দেওয়া উচিত স্থিতিশীলতার ওপর, বিশেষ করে উপ-আঞ্চলিক স্থিতিশীলতায়। এমন পরামর্শ দিয়েছেন ভারতীয় বিশেষজ্ঞরা। তবে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে আপাতত ভারসাম্য বজায় রাখা এবং অন্তর্ভুক্তিমূলক নীতি মেনে চলা থেকে সরে আসা সম্ভব নয় বলে মনে করেন স্থানীয় বিশেষজ্ঞ এবং সরকারের মন্ত্রী ও সচিবেরা। আজ শনিবার ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চল সম্পর্কে বাংলাদেশের দৃষ্টিভঙ্গির (ইন্দো-প্যাসিফিক আউটলুক-আইপিও) ওপর ঢাকায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে তাঁরা এসব কথা বলেন। 

 বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ (বিএফআরএস) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।   ভারতের প্রাক্তন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেন, ‘সমুদ্রসম্পদের কথা বিবেচনায় রেখে “সুনীল অর্থনীতির’’ কথা বলা হচ্ছে। কিন্তু সাগর-মহাসাগরে স্থিতিশীলতা না থাকলে আপনাদের সুনীল অর্থনীতি প্রতিষ্ঠিত হবে না।’ অস্থিতিশীলতার চেয়ে কোনো কিছু বেশি সংক্রামক নয়—এমন হুঁশিয়ারি দিয়ে এম জে আকবর বলেন, পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রেখে চলার দিন ফুরিয়ে এসেছে। ভারসাম্যের মধ্যে শক্তি খোঁজার চেয়ে স্থিতিশীলতার শক্তি কাজে লাগানো দরকার।

সেমিনারের মূল প্রতিবেদনে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় কৌশল নিয়ে অনেক কথা হচ্ছে। এতে বাংলাদেশের সংযুক্ততার ধরন কেমন হতে পারে, সে বিষয়ে অযৌক্তিক বিভ্রান্তি ও জল্পনা-কল্পনার সুযোগ কমানোর জন্য আইপিও প্রকাশ করা হয়েছে। এতে জাতীয় অগ্রাধিকারগুলোকে বিবেচনায় রেখে ‘অন্তর্ভুক্তিমূলক’ প্রক্রিয়া অনুসরণের কথা বলা হয়েছে।অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অনুসরণের ক্ষেত্রে কোনো আপস করার সুযোগ নেই উল্লেখ করে পররাষ্ট্রসচিব বলেন, কাউকে বাদ দিয়ে চলা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন