
নিউজ ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগকে স্বৈরাচারের প্রতিভূ আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, আওয়ামী লীগ নিজেদের গণতন্ত্রের প্রতিভূ বলে দাবি করলেও বাস্তবে তারা স্বৈরাচারের প্রতিভূ। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা জেল-জুলুম, গ্রেপ্তার, মামলা-হামলা, নির্যাতন, গুম-খুন করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়। কিন্তু দেশের মানুষ তা হতে দেবে না। আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন।
দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি কেন্দ্রীয়ভাবে এই শোভাযাত্রার আয়োজন করে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে শোভাযাত্রাপূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ আরও অনেকে বক্তব্য দেন।