
নিউজ ডেস্কঃ নদীতে ধরা পড়ছে ঝাকে ঝাকে ইলিশ। স্বাদে ও গুণে অতুলনীয় এই ইলিশ মাছ ক্রেতাদের পছন্দের তালিকায় সবসময় শীর্ষে থাকে । তবে পছন্দের তালিকায় শীর্ষে থাকলেও ইলিশ মাছ দামের কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ভরা মৌসুমেও অস্বাভাবিক চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। সরবরাহ ভালো থাকার পরও দামের কারণে ইলিশের স্বাদ নিতে পারছেন না মধ্যবিত্ত পরিবারগুলো। ইলিশের দাম ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্য আনতে মাঠে নামছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর। সংস্থাটি ইলিশের বাজার নিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে। দাম নিয়ন্ত্রণে শিগগিরই মাঠে নামবে সংস্থাটি।
ক্রেতাদের অভিযোগ, মাছের সরবরাহ যথেষ্ট হলেও ব্যবসায়ীরা দাম কমাচ্ছেন না। বাজার সিন্ডিকেটের কারণেই বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ। রাজধানীর এসব বাজার ঘুরে দেখা গেছে, এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ ১৬০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে, ছোট ইলিশের মধ্যে ৭০০-৮০০ গ্রামের ইলিশের দাম ১২০০ থেকে ১৪০০ টাকা, ২০০ থেকে ৪০০ গ্রামের ইলিশের কেজি ৫৫০ থেকে ৬৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ। এ মাছ প্রাকৃতিক সোর্স হতে আমরা আহরণ করছি। মাছ চাষে পুকুর লিজ, মাছের পোনা, খাবার, শ্রমিক, পানিতে অক্সিজেনের মাত্রা ঠিক রাখা, পাহারা দেওয়াসহ অনেক খরচ আছে। চাষের মাছে মড়ক লাগলে কিংবা চুরি হলে… প্রচুর ঝুঁকি রয়েছে। অপরদিক প্রাকৃতিক ইলিশ আহরণ ছাড়া এখানে কোনো দৃশ্যমান খরচ নেই। এরপরও বাংলার ইলিশ ১৫০০ থেকে ২০০০ টাকা কেজি দরে কিনে খেতে হবে তা কারো কাছে কাম্য নয়।