
নিউজ ডেস্কঃ আগামী শনিবার শেরেবাংলা নগরের পুরোনো আন্তর্জাতিক বাণিজ্যমেলা মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্ত-ফার্মগেট প্রান্ত) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে ভিভিআইপি, ভিআইপি, বিভিন্ন দেশের কূটনীতিক, বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপক লোকসমাগম হবে। তাদের বহনকৃত যানবাহনের গমনাগমন, সুষ্ঠু পার্কিং ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগ বিশেষ ট্রাফিক পরিকল্পনা প্রণয়ন করেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপি’র ট্রাফিক নির্দেশনায় জানানো হয়, পুরোনো বাণিজ্যমেলা মাঠ কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক নিয়ন্ত্রণের লক্ষ্যে ব্যানার ও স্টিকার ছাড়া অন্য সকল প্রকার যানবাহনকে সকাল ১১ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিম্নবর্ণিত রাস্তা ব্যতীত বিকল্প সড়ক ব্যবহার করতে হবে।
১. শ্যামলী, শিশুমেলা ক্রসিং এবং ৬০ ফিট থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত রাস্তা।
২. লাভ রোড পূর্ব মাথা, বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত রাস্তা।
৩. সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পার্শ্ব নতুন রাস্তার মুখ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রবেশ রাস্তা মুখ, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ হতে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত রাস্তা।
৪. আড়ং ক্রসিং, মানিক মিয়া অ্যাভিনিউ, বঙ্গবন্ধু চত্বর ও ইন্দিরা রোড হয়ে ফার্মগেট পর্যন্ত।
৫. রোকেয়া সরণির তালতলা, আগারগাঁও লাইট ক্রসিং, বিআইসিসি ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত রাস্তা।
৬. মিরপুর রোডের শ্যামলী থেকে মানিক মিয়া পশ্চিম প্রান্ত (আড়ং ক্রসিং) রাস্তা সীমিত পরিসরে ব্যবহার করা যাবে।
তবে জরুরি সেবা প্রদানকারী গাড়ি, রোগী বহনকারী গাড়ি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সার্ভিসে নিয়োজিত গাড়িসমূহের ক্ষেত্রে বিজ্ঞপ্তির নির্দেশনার আওতাবহির্ভূত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।