
নিউজ ডেস্কঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘রক্ত দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি সেই বাংলাদেশকে পাকিস্তান হতে দেওয়া যাবে না।’ তিনি বলেন, ‘বিএনপির কাছে বাংলাদেশ ভালো নয়, বিএনপির কাছে পাকিস্তানই ভালো। বাংলাদেশকে পাকিস্তান বানাতে দেব না। এতে যদি শেখ হাসিনার আরও ১০ বছর থাকার লাগে, থাকবে। কিন্তু পাকিস্তান চেয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।’
বুধবার (৩০ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য এ এইচ এম আব্দুল হাই’র সভাপতিত্বে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা অনুষ্ঠানে এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।