
নিউজ ডেস্কঃ শিক্ষাজীবনের বিভিন্ন স্তরে শিক্ষার্থীর তথ্য-সংক্রান্ত ফরম (এসআইএফ) সংশোধনের মাধ্যমে ‘বাবা’ অথবা ‘মা’ অথবা ‘আইনগত অভিভাবকের’ নাম যুক্ত করতে নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। সব ফরম সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিক্ষা মন্ত্রণালয়সহ সব শিক্ষা বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে রায়ে।
বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ ১৪ পৃষ্ঠার এ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। ফলে তিনজনের যে কোনো একজনের নাম দিয়ে শিক্ষার্থীর ফরম পূরণ করা যাবে বলে জানিয়েছেন আইনজীবীরা। রিটকারীদের আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা বলেন, ‘এ রায়ের ফলে মায়ের অধিকারও আংশিক প্রতিষ্ঠিত হলো। আর মা-বাবার পরিচয়হীন যে কোনো শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত হলো।’