
নিউজ ডেস্কঃ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জি-২০ শীর্ষ সম্মেলনের আগে বা পরে ঢাকা সফরের জোর সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন।ইমানুয়েল ম্যাক্রোঁর সফর নিয়ে দুই দেশ কাজ করছে। সফরের বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে যদি ম্যাক্রোঁ আসেন তাহলে জলবায়ু পরিবর্তন ও নিয়ন্ত্রিত অভিবাসনের পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।
বুধবার (৩০ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি এলে বাংলাদেশ তাকে স্বাগত জানাবে।’ ঠিক কবে ফরাসিনেতা ঢাকায় আসবেন সেই তারিখ উল্লেখ করতে চাননি তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখনও দিন চূড়ান্ত করতে পারিনি। আমরা এটি নিয়ে কাজ করছি। তবে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ১১ সেপ্টেম্বর বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। ১২ সেপ্টেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন।