
নিউজ ডেস্কঃ দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৯ জনে। এ ছাড়া, নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো দুই হাজার ২৯১ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৯ হাজার ১৩৩ জনে। গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ আগস্ট সকাল ৮টা থেকে ২৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার ২৯১ জনের মধ্যে ঢাকার ৯২০ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৩৭১ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ১৯ হাজার ১৩৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৬ হাজার ২৪৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৮৮৬ জন।