
নিউজ ডেস্কঃ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভের ১১১৩ কোল ফেসের (কয়লা উত্তোলন বা নির্গমন মুখ) মজুত শেষ হয়ে যাওয়ায় আগামীকাল বুধবার থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যাচ্ছে।বড়পুকুরিয়া কয়লা খনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। খনির ১১১৩ ফেসের কয়লার মজুত শেষ হওয়ায় এবং নতুন ফেস ১৪১২ চালু করার জন্য যন্ত্রপাতি স্থানান্তর করার জন্য বুধবার থেকে কয়লা উৎপাদন বন্ধ হয়ে যাবে।’ একই সঙ্গে তিনি বলেন, ‘১৪১২ ফেসে নতুন করে ওপেন আব কাট নির্মাণ, ১১১৩ ফেস থেকে সকল ইকুইপমেন্ট স্যালভেজ ও যথাযথ মেইনটেন্যান্স করে ১৪১২ ফেসে স্থাপন কাজ করতে প্রায় দুই মাস সময় লাগবে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ এপ্রিল বড়পুকুরিয়া কয়লা খনির ১১১৩ ফেস থেকে কয়লা উত্তোলন শুরু হয়। ওই ফেস থেকে ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের পর উৎপাদিত কয়লা বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হয়। এই ফেসে মজুত শেষ হয়ে যাওয়ার ফলে নতুন ফেসে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য আগামীকাল বুধবার থেকে খনি থেকে কয়লা উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। সূত্রমতে, বর্তমানে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ও বিসিএমসিএল-এর ইয়ার্ডে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন কয়লা মজুত আছে। যা দিয়ে প্রায় দুই মাস তাপবিদ্যুৎ সচল রাখা সম্ভব হবে।