
নিউজ ডেস্কঃ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা এখন বাঘ আতঙ্কে ভুগছেন। প্রতিনিয়ত অফিস ব্যারাকের আশপাশে বাঘ ঘোরাফেরা করায় বনরক্ষীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানা গেছে। কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা জানান, সম্প্রতি সুন্দরবনের কচিখালী এলাকায় বাঘের ব্যাপক আনাগোনা দেখা যায়। গত মাসাধিককাল কচিখালী বনরক্ষীদের অফিস ও ব্যারাকের আশপাশে প্রায়ই বাঘ চলে আসে। বাঘ তার আপনমনে অফিস আঙ্গিনায় অনেক সময় ধরে অবস্থান করে চলে যায়। জুলাই মাসের প্রথম দিকে একটি বাঘ একটানা তিন দিন ধরে অফিসের পাশে অবস্থান করায় বনরক্ষীরা এক প্রকার অবরুদ্ধ অবস্থায় ছিলেন। বুধবার (৯ আগস্ট) সকালেও একটি বাঘ কচিখালী ফরেস্ট অফিসের পাশে অনেকক্ষণ অবস্থান করায় বনরক্ষীরা আতঙ্কিত হয়ে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বনরক্ষী জানান, ব্যারাকের কাছে ক্রমাগত বাঘের উপস্থিতির কারণে ভয়ে তাদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে।