News71.com
 Bangladesh
 07 Aug 23, 10:40 AM
 166           
 0
 07 Aug 23, 10:40 AM

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়॥ পদ্মা সেতুতে ফটোসেশনের মাধ্যমে শুরু হচ্ছে ৩দিনের বাংলাদেশ সফর

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়॥ পদ্মা সেতুতে ফটোসেশনের মাধ্যমে শুরু হচ্ছে ৩দিনের বাংলাদেশ সফর

স্পোর্টস ডেস্ক: আগামী অক্টোবর মাসে ভারতে বসতে যাচ্ছে ক্রিকেটের ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আর এ টুর্নামেন্টটি শুরুর আগে প্রতিবারের মতো দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে বিশ্বকাপ শিরোপা ট্রফি। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপের ট্রফি এখন বাংলাদেশে। থাকবে তিন দিন। দেশ ছাড়ার আগে প্রতিদিনই শিরোপা নিয়ে বিভিন্ন আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষদিন সাধারণ দশর্কদেরও একনজর ট্রফি দেখার সুযোগ করে দিবে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছে বিসিবি। 

 

বিসিবির সিডিউল অনুসারে  আজ ৭ আগস্ট প্রথম দিন বিশ্বকাপ শিরোপা হেলিকপ্টার যোগে যাবে পদ্মা বহুমুখী সেতুতে। দেশের বিশেষ এই স্থাপনার মাওয়া প্রান্তে দুপুর তিনটায় হবে আনুষ্ঠানিক ফটোসেশন। আর এরমধ্য দিয়েই বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির সফর শুরু হবে।পরদিন ৮ আগস্ট সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রদর্শন করা হবে ট্রফি। সেখানে জাতীয় পুরুষ ক্রিকেট দল, নারী দল, বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা এবং সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের শিরোপার সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেওয়া হবে।এরপর শেষের দিন অর্থাত ৯ আগস্ট ঢাকার পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে বিশ্বকাপ ট্রফি। এ সময় একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ভক্তরা ছবি তুলতে পারবেন। ভক্তরা এ ছবি তুলতে পারবেন একদম বিনামূল্যে, কারণ এ জন্য কোনো টিকিট লাগবে না তাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন