
নিউজ ডেস্ক: শত জুলুম-নির্যাতনের মধ্যেও জনগণ বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাতে ও ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি পেতে রাস্তায় নামতে শুরু করেছে। জনগণের বিজয় হবেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল। ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহবায়ক ও রাজশাহী এভারগ্রিন ডিগ্রি মডেল কলেজের অধ্যক্ষ সাংবাদিক ড. আবু ইউসুফ সেলিমকে গত ২৯ জুলাই অবস্থান কর্মসূচি থেকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী দল ও মতের মানুষদের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করছে নিষ্ঠুর দমননীতি অবলম্বন করে। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র নিরুদ্দেশ বলেই দেশে মানবতা ও সভ্যতার চিহ্নও ক্রমাগতভাবে মুছে যাচ্ছে। সরকারি মদদে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বিরোধী দল দমনে লাগামহীন হয়ে পড়েছে। দেশে ভীতি ও শঙ্কা বিদ্যমান রাখার একমাত্র উদ্দেশ্যই হলো-ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অবৈধ ও স্বেচ্ছাচারী শাসন নিয়ে কেউ যেন প্রতিবাদী হতে সাহস না পায়।